সোমবার, ২০ Jul ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

বিশ্ববিদ্যালয়ের বাসে যৌন হয়রানির শিকার কুবি শিক্ষার্থী, প্রতিবাদে মূল গেটে তালা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে বাসে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) থেকে ভাড়া করা ৯ নং বাসের চালক খোকার বিরুদ্ধে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।

এদিকে বাসে যৌন হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এক শিক্ষার্থী অসুস্থতার কারণে বুধবার ১২টায় ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার বাসে ওঠেন। বাসের হেল্পারের কাছে এই বাস শহরে যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন যাবে। বাসে উঠার পরে ঘুম চলে আসে শিক্ষার্থীর। ঘুম ভাঙলে ঐ শিক্ষার্থী দেখেন বাস নির্দিষ্ট সময়ের আগে বেলতলী বিশ্বরোড এলাকা ছেড়ে চলে এসেছে। বাসে চালক ও তার সহকারী ছাড়া আর কেউ নেই। বাস কোথায় যাচ্ছে প্রশ্ন করলে চালক জবাব দেন বেলতলিতে একটা বাস নষ্ট হয়ে আছে সেখানে যাচ্ছেন, আবার ক্যাম্পাসে ফিরে যাবেন।

পরে বাসটি শহরে যাওয়ার কথা বলে একটি গ্যাস ফিলিং স্টেশনে যায়। দেরি হওয়ার কথা বললে চালক আবার বলেন, ১ টায় ক্যাম্পাসে ফিরবো। শহরে যাবো ২ টার দিকে। বাস চালক তখন ওই শিক্ষার্থীর কাছে কক্সবাজার ট্যুরে যাবে কিনা জানতে চান। ভুক্তভোগী শিক্ষার্থী যাবে না বললেও বাস চালক বলেন ‘আমি যাবো। যাওয়া-আসা ফ্রি, থাকা-খাওয়া শুধু নিজের। ২-৩দিন থাকবো। আপনি গেলে তো আপনার সঙ্গে দেখা হবে।’

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘বাস চালক আমার কাছে ফোন নাম্বার চায় এবং বলে কক্সবাজার যাওয়ার আগে আমাকে ফোন করে জানতে চাইবে আমি যাবো কিনা। আমি যাবো না বলার পরেও কেনও নাম্বার চাচ্ছেন বললে বাস চালক বলেন, আচ্ছা নাম্বার না দিলে না দিবেন জোর করবো না। তারপর চালক দাঁড়িয়ে টি শার্ট বুকের উপর তুলে সহকারীকে বলে পেট খালি। পেটে কিছু নাই আবার আমাকে বলে দেখেন ওরা আমার পেটকে হিংসা করে। আমি তখন বাস থেকে নেমে যাই। চালক তখন পিছনে এসে বলে আপনি নাম্বারটা দিলেন না। আপনাকে কক্সবাজার যাওয়ার আগে কল দিতাম। আর আমার তো ইচ্ছা করতেছে আমি একাই আপনাকে শহরে নিয়ে যাই।’

ভুক্তভোগী ঐ শিক্ষার্থী বলেন, ‘এই ধরণের ঘটনার শিকার যাতে আর কাউকেই হতে না হয় তার জন্য অতিসত্বর এই ড্রাইভারের বহিষ্কার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে পরবর্তীতে কেউ যাতে এমন কিছু করার কথা চিন্তাও না করতে পারে তার দাবি জানাচ্ছি। এই ড্রাইভারের যাতে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয় এবং সে যেন অন্য কোথাও চাকরি না পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানাই।’

কক্সবাজার যাওয়ার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাস চালক খোকা বলেন, ‘আমাদের বিআরটিসি বাস যায়, কখনও যদি (উনি) যায়, আমরা ড্রাইভার হিসেবে যাই এরকম বলছি।’ তবে পরে কক্সবাজারের বিষয়ে কোন কথা বলেনি বলে অস্বীকার করেন। শার্ট বুকের ওপরে উঠিয়ে ফেলার বিষয়ে তিনি বলেন, ‘আমি অন্য একজনের সঙ্গে দুষ্টুমি করছি।’

এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোঃ কামাল উদ্দিন বলেন,’ ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করেছে। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com